ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের চর নাজিমুদ্দিন ৮ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলাচলের একমাত্র সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে কাদা ও পানি জমে সৃষ্টি হচ্ছে চরম দুর্ভোগ। ফলে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ, নারীসহ সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাদা ও পানিতে ভরা এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনসহ দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, তারা কোনো বিলাসিতা চান না; শুধু নিরাপদে চলাচলের উপযোগী একটি রাস্তা চান। তাদের ভাষায়, একটি ভালো রাস্তা নাগরিক অধিকার, কোনো দয়া নয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, যাতে ভবিষ্যতে আর কাউকে এই ঝুঁকিপূর্ণ সড়কে দুর্ভোগ পোহাতে না হয়।
মোঃ জেনিদ, ভোলা জেলা প্রতিনিধি
