গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ছয়জনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় একটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩ টায় সাতখামাইর-দুর্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও থেকে আসা কয়েকজন যুবক ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে স্থানীয়রা তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়। একই ঘটনায় ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠলেও বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বরমী ইউনিয়ন পরিষদের সদস্য রনি আকন্দ বলেন, "খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ককটেল বিস্ফোরণেরও অভিযোগ রয়েছে।"
শ্রীপুর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, "মিছিলের প্রস্তুতির সময় স্থানীয়দের সহযোগিতায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে থাকা একটি হাইয়েস জব্দ করা হয়েছে। ককটেল বিস্ফোরণের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।"
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
