আগামী ১৬ আগস্ট ২০২৬ জাতীয় মৎস্য দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কটিয়াদী সফরকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জালাল উদ্দিন এমপি আজ শুক্রবার (১০ জুলাই ২০২৬) কটিয়াদী উপজেলার চারিপাড়া সরকারি হ্যাচারি পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে এমপি হ্যাচারির সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং জাতীয় মৎস্য দিবসের অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন বিষয় ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করা যায়।
এ সময় তিনি বলেন, জাতীয় মৎস্য দিবস দেশের মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। প্রধানমন্ত্রীর কটিয়াদী সফর এ অঞ্চলের মৎস্য খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এস এম আশরাফী বুলবুল
