জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ইবরার টিপুকে নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা উদ্বেগ। তার শারীরিক পরিবর্তন দেখা যাওয়ার পর ভক্তদের মধ্যে শুরু হয় জল্পনা-কল্পনা। অবশেষে সব প্রশ্নের জবাব দিয়েছেন তার স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা।
রোববার ইবরার টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বিন্দু কণা জানান, গত প্রায় দুই বছর ধরে কিডনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ইবরার টিপু। সম্প্রতি তার বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে। সেই কারণেই এখনো স্বাভাবিকভাবে কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে।
বিজ্ঞাপন তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ওর সেই কঠিন জার্নিটা এখন শেষ হয়েছে। এখন ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে। সবাই দোয়া করবেন, যেন খুব দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরতে পারে।’
বিন্দু কণা জানান, ভিডিও প্রকাশের পর অসংখ্য মানুষ ফোন ও খোঁজখবর নিয়েছেন। তবে শারীরিক অবস্থার কারণে এখনই সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সুস্থ হয়ে উঠলে ইবরার টিপু নিজেই সবার সঙ্গে কথা বলবেন।
তিনি আরও বলেন, শুরুতে পরিবার বিষয়টি প্রকাশ করতে চায়নি। কারণ, তারা বুঝতে পারেননি চিকিৎসার এই যাত্রা এত দীর্ঘ ও কঠিন হবে। কিন্তু সম্প্রতি ইবরার টিপু বর্তমান শারীরিক অবস্থায় একটি ভিডিও প্রকাশ করলে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তাই ভুল বোঝাবুঝি দূর করতেই তারা বিষয়টি জানাতে বাধ্য হয়েছেন।
শেষে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে ইবরার টিপুর দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন বিন্দু কণা।