ভোলা সদরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
রোববার (১৩ জুলাই) বিকেল ৪টায় ভোলা সদর উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ভোলা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনু, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটন, উপজেলা এলজিইডি কর্মকর্তা ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
সভায় ইউএনও সজল কুমার দাস বলেন, প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে উপজেলার বিভিন্ন সমস্যা
দ্রুত চিহ্নিত করা এবং কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব। তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় সাংবাদিকরা ভোলা সদর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন। তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থ রক্ষার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ আজাদ
ভোলা জেলা প্রতিনিধি
