পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার দেবীগঞ্জ সদর ও দণ্ডপাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার বাসিন্দা মো. মামুন ইসলাম (৩০) এবং দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার আকাব্বর খান (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে নিজ কৃষিজমিতে কাজ করছিলেন মামুন ইসলাম। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আতিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই সময়ে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় বজ্রপাতে আকাব্বর খান নামে আরও এক কৃষকের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে কৃষিজমিতে কাজ করছিলেন আকাব্বর খান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মো. মাহাবুব আলম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
