জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম এবং নাগরিক সেবায় অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ পটুয়াখালী জেলার মধ্যে প্রথম এবং বরিশাল বিভাগের মধ্যেও প্রথম স্থান অর্জন করেছে গলাচিপা উপজেলার ১০নং গজালিয়া ইউনিয়ন পরিষদ।
এ অসাধারণ অর্জনের স্বীকৃতিস্বরূপ মান্যবর জেলা প্রশাসক ও উপ-পরিচালক, স্থানীয় সরকার, পটুয়াখালীর পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বিশ্বাসের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
জানা যায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ সেবা নিশ্চিতকরণ, নাগরিক সেবার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনবান্ধব কার্যক্রম পরিচালনার ধারাবাহিক সফলতার ভিত্তিতে এ মূল্যায়নে গজালিয়া ইউনিয়ন পরিষদ শীর্ষস্থান অর্জন করে।
এ অর্জনে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও গজালিয়া ইউনিয়ন পরিষদ একই নিষ্ঠা, দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিয়ে এ সাফল্যের ধারা অব্যাহত রাখবে।#
মোঃ রাকিবুল হাসান
গলাচিপা, পটুয়াখালী।
