বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক স্বামী-স্ত্রীকে আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মন্ডলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই (নি.) মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বামুনিয়া মন্ডলপাড়ার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় মো. ফজলে এলাহী রঞ্জনের বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাড়ির মালিক মো. ফজলে এলাহী রঞ্জন (৪০) এবং তার স্ত্রী মোছা. ছালেহা খাতুন (৩৮)-কে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আটক দম্পতির স্থায়ী বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া এলাকায়। তবে তারা দীর্ঘদিন ধরে শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মন্ডলপাড়ায় বসবাস করছিলেন।
উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে আটক দুইজনকে শাজাহানপুর থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি।
