কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধে ব্যাপক মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।অভিযানে বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারি জাল, রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজারহাট সদর ইউনিয়নের বোতলারপাড়, সোনালুর কুটি, নাজিমখান, চাকিরপশার মাইনর স্কুল সংলগ্ন এলাকা এবং মিলেরপাড় বাজারের পাশসহ উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে জলাশয় ও নদ-নদীতে অবৈধভাবে ব্যবহৃত ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো আইন অনুযায়ী জব্দ করে ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব সামিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক, রাজারহাট থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা প্রশাসন জানায়, নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ আহরণ দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে এসব জালের মাধ্যমে মা মাছ, রেণু পোনা ও বিভিন্ন প্রজাতির ছোট মাছ নির্বিচারে ধ্বংস হওয়ায় প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন কমে যায় এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই সরকারি আইন অনুযায়ী এ ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জলজ সম্পদ নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। যারা নিষিদ্ধ জাল ব্যবহার বা সংরক্ষণ করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজারহাট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর জনস্বার্থে অবৈধ মৎস্য আহরণ বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জানায়, মৎস্য সম্পদ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
