মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার ১ আগষ্ট সকাল ১১টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
পরে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেনটি কিছু সময় দাঁড়ালে মন্ত্রী আরিফুল ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় মানুষের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন। সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। স্টেশন পরিদর্শনকালে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন মন্ত্রী। এদিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে স্থানীয় বিএনপি
নেতাকর্মীরা মন্ত্রী আরিফুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সিলেট-জাফলং রেলসড়ক নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সিলেট যাওয়ার পথে এই দুই স্টেশন পরিদর্শন করলেন তিনি। এ সময় মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পর থেকে সিলেট পর্যন্ত সকল স্টেশন এবং রেললাইনের সমস্যা সরেজমিনে পরিদর্শন করা হবে বলে জানা যায়।
ইকবাল হোসেন রিংকু,জেলা প্রতিনিধি||
