কুমিল্লা ও ফেনীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
রোববার (২ আগস্ট) ভোর সাড়ে ৪টা ও সাড়ে ৫টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির বিশেষ টহল দল পৃথক অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, চৌদ্দগ্রাম উপজেলার চৌয়ারা বাজার এলাকায় সীমান্তের প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এবং ফেনী সদর উপজেলার উত্তর বেতীয়ারা এলাকায় সীমান্তের প্রায় ৩০০ গজ অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে পাওয়া যায়। পরে এসব মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। উদ্ধার করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
মোঃ সাখাওয়াত হোসেন,
কুমিল্লা প্রতিনিধি:
