ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পিরোজপুরে সচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা খাদ্য বিভাগ।'জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, পিরোজপুর'-এর সামনে শনিবার (০১ আগষ্ট) সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব দূর করার লক্ষ্যে আয়োজিত এই অভিযানে পিরোজপুর খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
উক্ত পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম মাহমুদ সাগর,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তহিদুর রহমান,কারিগরি খাদ্য পরিদর্শক জাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম মাহমুদ সাগর বলেন "ডেঙ্গু ও চিকুনগুনিয়া বর্তমান সময়ে অত্যন্ত উদ্বেগজনক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এডিস মশার বংশবৃদ্ধি আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। এই পরিস্থিতি মোকাবিলার একমাত্র কার্যকর উপায় হলো সামাজিক সচেতনতা এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
সরকারি কার্যালয় ও এর চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা জেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে সেই দায়িত্ববোধ থেকেই এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। তবে কেবল প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়—ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজেদের ও পরিবারকে সুরক্ষিত রাখতে আমাদের সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মক্ষেত্রের আঙিনা জমে থাকা পানি ও ময়লামুক্ত রাখতে হবে। সবাই মিলে সচেতন হলে সহজেই আমরা এই রোগ প্রতিরোধ করতে সক্ষম হব।"
কর্মসূচি পালনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরেন এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার ও সচেতন থাকার আহ্বান জানান।
পিরোজপুর প্রতিনিধি:
-1785672052.jpg)