পাবনার সুজানগর উপজেলার রাণীনগর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সাধারণ জনতা। দীর্ঘদিন ধরে চলা মাদক ব্যবসা ও এর বিস্তার রোধে এলাকার বিক্ষুব্ধ মানুষ এবার সরাসরি প্রতিরোধ গড়ে তুলেছে। এর অংশ হিসেবে রাণীনগর ইউনিয়নের ভাঁটিকয়া জোতপারা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রুহুলের বাড়িতে ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী।
রোববার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঁটিকয়া জোতপারা গ্রামের বক্কারের ছেলে রুহুল দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যেই মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার এই অবৈধ কারবারের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছিল এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এলাকার সচেতন মানুষ ও যুবসমাজ এর আগেও রুহুলকে একাধিকবার সতর্ক করেছিল। এলাকাবাসীর প্রবল আপত্তি ও কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও সে এই অবৈধ পথ থেকে ফিরে আসেনি। বরং স্থানীয়দের বাধা উপেক্ষা করে সে তার মাদক ব্যবসা আরও জোরদার করে তোলে।
রোববার রাতে রুহুলের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী একত্রিত হয়ে তার বাড়িতে চড়াও হয়। ক্ষুব্ধ জনতা তার বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় মাদক ব্যবসায়ী রুহুলের স্ত্রী এলাকাবাসীকে বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে কিছু সময়ের জন্য আটকে রাখে, যাতে তারা মূল লক্ষ্য বাস্তবায়ন করতে পারে এবং পরবর্তীতে বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।
এলাকাবাসীর এই কঠোর পদক্ষেপে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতেই তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। এই ঘটনার পর থেকে এলাকার অন্যান্য মাদক ব্যবসায়ীদের মধ্যেও চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর দ্ব্যর্থহীন ঘোষণা—ভবিষ্যতে এই রাণীনগর ইউনিয়নে আর কোনো মাদক ব্যবসায়ীকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
এই ঘটনার পর থেকে এলাকায় কঠোর নজরদারি রাখা হয়েছে, যেন আর কোনো মাদক ব্যবসায়ী বা কারবারি এলাকায় অবৈধ ব্যবসা চালানোর সাহস না পায়। সাধারণ মানুষের এমন গণপ্রতিরোধকে এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে একটি জোরালো সতর্কবার্তা হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা।
এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি
