পটুয়াখালী বন্দর (মালামাল বোঝাই ও খালাস) নৌযান শ্রমিক ইউনিয়নের (রেজি. নং: খুলনা-২৩০০) নতুন কার্যনির্বাহী কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো: রবিউল (অন্তর)।
গত ১৪ জুলাই ২০২৬ তারিখে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিটি পদে একাধিক প্রার্থী না থাকায়, নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে উক্ত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০ জুলাই ২০২৬ তারিখে শ্রম অধিদপ্তরের আঞ্চলিক শ্রম দপ্তর (বরিশাল) কর্তৃক এই কমিটির সর্বসম্মত অনুমোদন ও প্রত্যয়ন প্রদান করা হয়। নতুন গঠিত এই কার্যনির্বাহী কমিটির মেয়াদকাল আগামী ৩ (তিন) বছর।
মো: রবিউল (অন্তর) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের সন্তান। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত পরিবারের বিভিন্ন দাবি-দাওয়ার আন্দোলনসহ এলাকার নানা যৌক্তিক বিষয়ে প্রতিবাদী ভূমিকা রেখে তিনি আলোচনায় আসেন এবং অল্প সময়ের মধ্যেই এলাকাবাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়া জানিয়ে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো: রবিউল (অন্তর) বলেন, "বিগত দিনে শ্রম মন্ত্রণালয়ের লাইসেন্সধারী প্রকৃত শ্রমিকদের কাজ করার কথা থাকলেও একটি অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে কাজ পরিচালনা করা হচ্ছিল। খুব দ্রুতই এই অনিয়ম ও সিন্ডিকেটের অবসান ঘটানো হবে।
প্রকৃত শ্রমিকরা যাতে তাদের প্রাপ্য কাজ ও ন্যায্য অধিকার বুঝে পায়, তা নিশ্চিত করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ।"
তিনি আরও জানান, সংগঠনের স্বার্থ রক্ষা, নৌযান শ্রমিকদের অধিকার আদায় এবং ইউনিয়নের সার্বিক কার্যক্রমকে স্বচ্ছ ও গতিশীল করতে তিনি সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবেন।
মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি।
