পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের হুদারপাড়া গ্রাম থেকে ১০৫ পিস ইয়াবাসহ মো. শুকুর আলী মোল্লা (৫৫) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শুকুর আলী মোল্লা ওই গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে। এর আগেও একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল সে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, রাত আটটার দিকে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের হুদারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। ওই গ্রামের মৃত হাতেম আলীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে শুকুর আলীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটক মাদক ব্যবসায়ী শুকুর আলী মোল্লা এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুজানগর থানায় হস্তান্তর করা হয়।
র্যাবের পক্ষ থেকে সুজানগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এজাহার দায়ের করা হয়। ওই এজাহারের ভিত্তিতে সুজানগর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়, যার মামলা নম্বর-০৪, তারিখ: ০৪/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ।
মামলার তদন্তের দায়িত্ব পেয়ে সুজানগর থানার উপপরিদর্শক (এসআই-নিঃ) মো. আ. মালেক মিয়া মামলার আলামত জব্দ করেন এবং ধৃত আসামিকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করেন। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্ত শুকুর আলী মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুকুর আলী মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে। ইতিপূর্বেও র্যাবের হাতে সে মাদকসহ আটক হয়েছিল। বারবার জেল থেকে বেরিয়ে এসে সে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে। তার মতো মাদক ব্যবসায়ীদের এমন তৎপরতায় এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও র্যাবের এমন সাড়াশি অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং এই মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি
