পিরোজপুরের কঁচা নদীর হুলারহাট বন্দর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয় বাসিন্দারা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেন। খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ ও কাউখালী নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আরিফুল ইসলাম জানান, "সকালবেলা এক শিক্ষার্থী এসে জানায় যে খাল দিয়ে একটি লাশ ভেসে যাচ্ছে। পরে আমরা ট্রলার ঘাটে এসে দেখতে পাই একটি লাশ উপুড় হয়ে ভেসে আছে। প্রথমে পুরুষ না নারী বোঝা না গেলেও, পুলিশ উদ্ধার করার পর জানা যায় এটি এক পুরুষের লাশ।"
আরেকজন প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোঃ সাইফুল মাতুব্বর জানান, "হুলারহাটের দামোদর খালের দিক থেকে লাশটি ভেসে আসে। লাশটি উদ্ধারের পর দেখা যায় সেটির বুকে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
পিরোজপুর সদর থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের। ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য মরদেহটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
