খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আইয়ুবনগর বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা নিশ্চিত করতে বেঞ্চ, টেবিল, চেয়ার, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র বিতরণ করা হয়েছে।
শিক্ষার্থীদের পর্যাপ্ত বসার ব্যবস্থা না থাকায় বিষয়টি ২৯৮ নম্বর আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াকে অবগত করা হয়। পরে তাঁর উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে দুই শিক্ষা প্রতিষ্ঠানে এসব আসবাবপত্রের ব্যবস্থা করা হয়।
প্রতিষ্ঠান দুটির জন্য ৪৫ জোড়া করে মোট ৯০ জোড়া বেঞ্চ, টেবিল, চেয়ার, আলমারিসহ বিভিন্ন প্রয়োজনীয় আসবাবপত্র ওয়াদুদ ভূইয়া এমপির পক্ষ থেকে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আসবাবপত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে বিদ্যালয়ের শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বে-সরকারি হওয়ায় নানা সংকটের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে দ্রুত বিদ্যালয়টি সরকারি করার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।
শিক্ষকরা বলেন, বিদ্যালয়টি সরকারি হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি স্থানীয়দের।
পানছড়ি প্রতিনিধি: আজিজুর রহমান শাহীন
