আজ এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে ঈর্ষণীয় সাফল্য ধরে রেখেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ‘আসিয়া বারি আদর্শ বিদ্যালয়’। ফলাফলে জেলায় দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি উপজেলা পর্যায়ে সেরা অবস্থান ধরে রেখেছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা যায়। চলতি বছর বিদ্যালয়টি থেকে মোট ৮৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৮৩ জন শিক্ষার্থী সফলভাবে পাস করেছে এবং ৩১ জন শিক্ষার্থী অর্জন করেছে সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫। বিদ্যালয়টিতে পাসের হার ৯৮.৮%।
পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া একাধিক শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানায়, এই অসাধারণ সাফল্যের পেছনে বাবা-মায়ের প্রতিপালনের পাশাপাশি শিক্ষকদের অবদান ছিল অপরিসীম। নিয়মিত ক্লাস টেস্ট, বিশেষ কোচিং এবং শিক্ষকদের সার্বক্ষণিক নিবিড় তদারকির কারণেই এমন সাফল্য পাওয়া সম্ভব হয়েছে।
বিদ্যালয়ের মূল ভিত্তি ও অগ্রযাত্রার বিষয়ে প্রধান শিক্ষক মো. নূরে আলম জানান, ২০০১ সালে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ রাজার হাত ধরে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন বোর্ড পরীক্ষায় সাফল্য অর্জন করে আসছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ৪২ জন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত এই বিদ্যালয়ে প্রায় ৯৯৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তিনি বিদ্যালয়ের এই ধারা অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া |
