ইকবাল হোসেন রিংকু ,জেলা প্রতিনিধি||
মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সিলেট জেলা শাখার নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাতায়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন এবং কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে এই ব্যবস্থা নেয় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে জান্নাতুল ফেরদৌস নিজ বাড়ির পাশের ভাতায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে তিনি জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেন এবং বিদ্যালয়ের শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ কর্মসূচির পুরো দৃশ্য ভিডিও ও ছবিতে ধারণ করে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজরে আসে। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌসকে আটক করা হয়।
এ সময় তিনি আরও জানান, প্রাথমিক তদন্তের পর তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের ও পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।