বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব রটারড্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত প্রথম সিনেমা ‘দেলুপি’। চলচ্চিত্র উৎসবটির ব্রাইট ফিউচার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে সিনেমাটি।
সুখবরটি নির্মাতা নিজেই তার ফেসবুক প্রোফাইলে জানান। শনিবার (১৩ ডিসেম্বর) ‘দেলুপি’র অফিশিয়াল সিলেকশনের একটি ছবি আপলোড করেন। ক্যাপশনে লেখেন,
অনেক দিন পর... কোন উৎসব থেকে ডাক! দেলুপি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যাম (ব্রাইট ফিউচার) বিভাগে আর্ন্তজাতিক প্রিমিয়ারে। উৎসব টিমকে ধন্যবাদ এবং আমার পুরো দেলুপিবাসীকে ধন্যবাদ - আমরা এটা করেছি!
নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে শুরু হবে উৎসবের ৫৫তম আসর। এখানে বিশ্বের সেরা নির্মাতা, উদীয়মান প্রতিভা ও আর্টহাউস সিনেমার প্রতিনিধিত্বকারীরা অংশ নেবেন। যার মধ্যে ‘দেলুপি’ বাংলাদেশের স্বাধীনধারা চলচ্চিত্রচর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে নতুনভাবে তুলে ধরবে।
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের মানুষ ও তাদের জীবন নিয়ে সিনেমাটি নির্মিত। সিনেমায় তুলে ধরা হছে রাজনীতি, প্রেম, প্রাকৃতিক দুর্যোগ ও যাত্রাশিল্পীদের টিকে থাকার লড়াই।
ঝড়-জলোচ্ছ্বাস, নদীভাঙন ও দারিদ্র্যের মধ্যেও বেঁচে থাকার অনুপ্রেরণাই সিনেমার মূল বার্তা। এতে অভিনয় করেছেন খুলনার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় শিল্পীরা। নিজেদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই চরিত্রে প্রাণ দিয়েছেন তারা।
আরও পড়ুন: নতুন বছরেই ‘গোলাপ’ দিয়ে সুবাস ছড়াবেন পরী
চলতি বছর ৭ নভেম্বর খুলনায় আনুষ্ঠানিকভাবে প্রথম মুক্তি পায় ‘দেলুপি’। এরপর ১৪ নভেম্বর থেকে এটি সারা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়।
আরও পড়ুন: জুবিনের মৃত্যুরহস্য জানাতে আদালতে ৪ ট্রাঙ্কে প্রমাণ, ৩৫০০ পাতার চার্জশিট!
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের পর্দা উঠবে নতুন বছরের ২৯ জানুয়ারি। ১১ দিনের আয়োজনের পর আগামী ৮ ফেব্রুয়ারি শেষ হবে উৎসবটি।
