আজিজুর রহমান শাহীন পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য হিসেবে জায়গা পেয়েছেন পানছড়ি উপজেলার কৃতি সন্তান রুমেল মারমা। তাঁর সদস্য হিসেবে অন্তর্ভুক্তির খবরে পানছড়িতে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে পুনর্গঠিত পরিষদে ১জন চেয়ারম্যান ও ১৪সদস্য দিয়ে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পানছড়ির রুমেল মারমা।
রুমেল মারমা জেলা পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় পানছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এ উপলক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ চাকমা, ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের মানুষ আনন্দ প্রকাশ করেন এবং মিষ্টি বিতরণ করেন।
স্থানীয়রা বলেন, পানছড়ির একজন সন্তান হিসেবে রুমেল মারমার এই দায়িত্বপ্রাপ্তি উপজেলার মানুষের জন্য গর্বের বিষয়। জেলা পরিষদের সদস্য হিসেবে তিনি পানছড়ির শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাঁদের।
তাঁরা আরও বলেন, নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ খাগড়াছড়ি জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি জেলার পিছিয়ে থাকা এলাকাগুলোর উন্নয়ন ত্বরান্বিত করতে পরিষদের সদস্যরা আন্তরিকভাবে কাজ করবেন বলে আশা করছেন স্থানীয়রা।
পানছড়ির মানুষের প্রত্যাশা, রুমেল মারমা তাঁর দায়িত্ব ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার মানুষের পাশে থাকবেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।