মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার আহ্বান,উদয়কাঠীতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তি: গজালিয়াকে হারিয়ে বাটনাতলা চ্যাম্পিয়ন,
উদয়কাঠী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১৬ দলীয় ‘মিনি চায়নাবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় দাউদপুর পল্লি মিলন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক শ্বাসরুদ্ধকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় গজালিয়া লায়ন্স ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাটনাতলা ফুটবল একাদশ। অন্যদিকে, রানার্সআপ হিসেবে টুর্নামেন্ট শেষ করে গজালিয়া লায়ন্স ক্লাব।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন ৪ নং কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক হেদায়েতুল ইসলাম কিরণ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বিজয়ী ও রানার্সআপ উভয় দলকে অভিনন্দন জানান। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, "মাদক বর্তমানে অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে, যা সমাজ ও দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণদের এই ভয়াল ব্যাধি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের বিকল্প নেই। আমি যুবসমাজ ও কিশোরদের প্রতি আহ্বান জানাচ্ছি—তোমরা মাদক ও মাদকসেবীদের সঙ্গ ত্যাগ করে পড়াশোনায় মনোযোগী হবে এবং সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে।"
বক্তব্য শেষে টুর্নামেন্টের চমৎকার ও সুশৃঙ্খল আয়োজনের জন্য উদয়কাঠী যুব সমাজের প্রতিনিধি হৃদয়, রাতুল ও তমালসহ পরিচালনা কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং কলাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন সরদার চান এবং সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা। তাঁরা ফুটবলকে জনপ্রিয় করার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অঞ্চলজুড়ে নিয়মিত ক্রীড়া ইভেন্ট আয়োজনের তাগিদ দেন।
অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
মোঃশাহিন ফকির,
পিরোজপুর প্রতিনিধি