নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে নবগঙ্গা সাহিত্য গোষ্ঠী, মাগুরার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের, জেলা কালচারাল অফিসার ও জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা পার্থ প্রতিম দাশ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট আ.ন.ম. কাজী সিরাজ উদ্দিন মিহির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঙ্গা সাহিত্য গোষ্ঠী, মাগুরার ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিনহাজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বি এম রন্তা, আব্দুর সেলিম ও নাহিদুর রহমান দুর্জয়।
নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা বি এম হালিমের হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু হয়। তাঁর মৃত্যুর পর তাঁর একমাত্র ছেলে বি এম সুজন সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে বাবার রেখে যাওয়া সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনটির কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা বি এম হালিমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বয়সী মোট ২৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। কবিতা আবৃত্তি, নৃত্য, সংগীত ও চিত্রাঙ্কন—এই চারটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে ৩৯ জন বিজয়ীর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৫২ বছর ধরে নবগঙ্গা সাহিত্য গোষ্ঠী মাগুরার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রতিযোগী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মো: সাজ্জাদ হোসেন
মাগুরা জেলা প্রতিনিধি