কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা মনি (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তানহা মগবাজার মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। তিনি চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চকরিয়া চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি মাওলানা জাফর আলমের মেয়ে।
শনিবার (২২ আগস্ট) সকালে কাহারিয়াঘোনা-কোরাইয়াঘোনা সড়কের কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় তানহা মনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি হারবাং এলাকার বালু ব্যবসায়ী হিসেবে পরিচিত নাজিম উদ্দীনের। তারা দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ট্রাকটি শনাক্ত করে এর মালিক ও চালককে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তানহা মনির মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাহারিয়াঘোনা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
চকরিয়া থানার (ওসি) আরিফুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর একটু আগে পেয়েছি । এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মোরশেদ আলম
চকরিয়া কক্সবাজার
