মাগুরার শ্রীপুরে আমিরুল মোল্যা (৫৫) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)।
গ্রেফতাররা হলেন—শ্রীপুর উপজেলার সভাসদডাঙ্গা গ্রামের ফরিদ বিশ্বাসের ছেলে ফিরোজ বিশ্বাস (২০) ও মিরাজুল ইসলাম মিরাজ বিশ্বাস (২৫)।
পুলিশ জানায়, গত ১৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে পূর্বশত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক আমিরুল মোল্যার বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করেন। পরে তিনি ঘর থেকে বের হয়ে রাস্তায় এলে আসামিরা তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় পরদিন আমিরুলের ভাই আবুল মোল্যা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।
আহত আমিরুল মোল্যা ঢাকার শ্যামলীর ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই মারা যান। পরে মামলায় পেনাল কোডের ৩০২ ধারা সংযুক্ত করা হয়।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবার নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএমের তত্ত্বাবধানে সিসিআইসি মাগুরার এসআই অজয় দাসের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
রোববার (২৩ আগস্ট) রাত ৩টার দিকে ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ বিশ্বাস ও মিরাজুল ইসলাম মিরাজ বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মাগুরা জেলা পুলিশ।
মোঃ সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি