সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করার লক্ষ্যে পঞ্চগড়ে চার সপ্তাহব্যাপী ‘ইলেকট্রিক হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক সিইও লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পদাতিক।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ১৮ বিজিবির তত্ত্বাবধানে ও নিজস্ব অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
চার সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ইলেকট্রিক হাউজ ওয়্যারিংয়ের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দক্ষ ইলেকট্রিশিয়ান হিসেবে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে নিজেদের ও পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, “ইলেকট্রিক হাউজ ওয়্যারিং বর্তমানে একটি দক্ষতা ও উপযোগী পেশা। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা প্রয়োজনীয় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করে ভবিষ্যৎ কর্মজীবনে তা কাজে লাগাতে পারবেন। দক্ষ ইলেকট্রিশিয়ান হিসেবে নিজেদের ও পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।”
তিনি আরও বলেন, “সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রেখে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”
প্রশিক্ষণার্থীরা জানান, সীমান্ত এলাকার যুবকদের জন্য এমন প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় তারা ১৮ বিজিবির অধিনায়কসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পরিবারের আর্থিক উন্নয়নে কাজে লাগবে বলে আশা করছেন তারা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
মো. মাহাবুব আলম
জেলা প্রতিনিধি পঞ্চগড়