মোঃশাহিন ফকির,
পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরে "বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ কর্মসূচি এবং জলবায়ু ঝুঁকি বীমা কর্মসূচি" বিষয়ক এক জেলা অবহিতকরণ কর্মশালা ও প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ আগস্ট) দুপুর ১২টায় পিরোজপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'সুশীলন' কর্মশালাটি বাস্তবায়নের দায়িত্বে ছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
কর্মশালায় অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরুন কুমার সিকদার, জেলা সমাজসেবা উপপরিচালক (অতিঃ দায়িত্ব) মোঃ ইব্রাহিম খলিল এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ।
এছাড়াও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, দাতা সংস্থার প্রতিনিধি ও বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) খুলনা ফিল্ড অফিসের প্রধান আল মামুন আজাদ, এবং বাস্তবায়নকারী সংস্থা 'সুশীলন'-এর প্রকল্প সমন্বয়কারী মোঃ ইমরান হোসেন, মনিটরিং কোঅর্ডিনেটর, উপজেলা সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপকূলীয় ও দুর্যোগপ্রবণ পিরোজপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম প্রস্তুতি, জলবায়ু ঝুঁকি বীমা এবং দুর্যোগকালীন সামাজিক সুরক্ষা কার্যক্রমের গুরুত্ব ও বিভিন্ন দিক নিয়ে এক চমৎকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, উপকূলীয় জেলা পিরোজপুরে দুর্যোগের ঝুঁকি কমাতে পূর্বাভাসভিত্তিক আগাম পদক্ষেপ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এ সময় তিনি উপস্থিত সকলকে তিনটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন,পূর্বপ্রস্তুতি ও সাইক্লোন সেন্টার সংস্কার: সম্ভাব্য দুর্যোগ ঘটার আগেই জেলার সকল সাইক্লোন সেন্টার প্রয়োজনীয় মেরামত ও প্রস্তুত রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নিরাপদ স্থানান্তর: দুর্যোগ হানা দেওয়ার এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদে সাইক্লোন সেন্টারে নিয়ে আসার কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
তথ্য ও দায়িত্ব উপস্থাপন: পরবর্তী সভার আগেই জেলার সকল সাইক্লোন সেন্টারের পরিচালনা কমিটি ও তাদের নিজ নিজ দায়িত্বসহ বিস্তারিত তথ্য তৈরি করে উপস্থাপন করতে হবে।
সভা শেষে জেলার দুর্যোগ মোকাবিলায় সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।