৫৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা বানু। জীবনের নতুন অধ্যায়ের খবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেছেন হুমায়রা। তবে ছবিগুলোতে তার স্বামীর মুখ দেখা যায়নি। ছবি প্রকাশের পাশাপাশি জীবনের নতুন পথচলা নিয়ে নিজের অনুভূতিও জানিয়েছেন অভিনেত্রী।
পোস্টে হুমায়রা লিখেছেন, ‘কখনো কখনো আমরা নিজেদের জন্য একরকম পরিকল্পনা করি, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের জন্য অন্য কিছু পরিকল্পনা করে রাখেন।’
সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর বিশ্বাসের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, সৃষ্টিকর্তা যখন কোনো কিছু ঘটানোর নির্দেশ দেন, তখন সেই গন্তব্যে পৌঁছানোর পথও সহজ করে দেন।
বিয়ের খবর প্রকাশ্যে আসার পর হুমায়রার ভক্ত ও সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ হুমায়রা বানু। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও বিশেষ করে মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি।
‘রং মহল’, ‘ইশক জালেবি’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’, ‘জান্নাত সে আগে’, ‘মেহরুম’ ও ‘জান নিসার’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন হুমায়রা।
দীর্ঘ অভিনয়জীবনের পর এবার ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী। তবে তার স্বামীর পরিচয় কিংবা বিয়ের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেননি হুমায়রা বানু।
