মো. মাহাবুব আলম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না। কোনো মাজার বা ধর্মীয় স্থান ভাঙতে দেওয়া হবে না।”
বুধবার (২৬ আগস্ট) সকালে দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের উপজেলা শাখার আয়োজনে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত অন্তর্বর্তী সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংসের চেষ্টা করা হয়েছিল এবং সেগুলো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। ভবিষ্যতে কোনো মাজার ধ্বংসের চেষ্টা করা হলে তারা ঘরে বসে থাকবেন না বলেও মন্তব্য করেন তিনি।
কৃষকদের বিষয়ে তিনি বলেন, যেসব এলাকায় সারের ডিলার নেই, সেখানে ডিলার নিয়োগ দিয়ে সার সংকট সমাধান করা হবে। কৃষকরা যাতে বেশি দামে সার কিনতে না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সোলার প্রকল্পের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বয়স্ক ভাতা ও কৃষক কার্ডসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের কথা জানান তিনি।
ধর্মীয় প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, রাসুল (সা.)-এর জীবন, নীতি ও আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে ন্যায় ও মানবিকতার পথে চলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় নেতৃবৃন্দসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।