মোঃশাহিন ফকির,
পিরোজপুর প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে (ইন্দুরকানী) চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় পত্তাশী জনকল্যাণ মডেল হাই স্কুল মাঠে পিরোজপুর জেলা জাসাস, জিয়ানগর উপজেলা জাসাস ও স্থানীয় নেতৃবৃন্দের যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণসহ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
সাবেক জিয়ানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরীফ মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত,তিনি তার বক্তব্যে বলেন, "১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পত্তাশী ইউনিয়নে ঐতিহাসিক খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। পরবর্তীতে ২০০২ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অঞ্চলকে পূর্ণাঙ্গ জিয়ানগর উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করেন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এই অঞ্চলের সার্বিক উন্নয়নে বিএনপি একযোগে কাজ করে যাচ্ছে।"
তিনি আরও যুক্ত করেন, আগামীতে বিএনপির ঘোষিত ৩১ দফার ভিত্তিতে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণের মতো জনমুখী সকল প্রতিশ্রুতি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, পিরোজপুর জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার, পিরোজপুর জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, পিরোজপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ বাহাদুর, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মহাজ, পিরোজপুর জেলা জাসাস নেতা মাহাবুব হোসেন এবং পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ সিকদার।
কর্মসূচিতে পিরোজপুর জেলা বিএনপি, জাসাস এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।