মাগুরায় চুরি মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার
চুরি হওয়া ১ লাখ ১০ হাজার ৫৩০ টাকা, দুই মোবাইল ও ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরায় একটি প্রতিষ্ঠানের ড্রয়ার থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। এ ঘটনায় চক্রের মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া ১ লাখ ১০ হাজার ৫৩০ টাকা, দুটি মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট সকাল ৯টা থেকে ১০টার মধ্যে মাগুরা সদর থানাধীন এম,আর রোডে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে দ্বিতল ভবনে অবস্থিত মেরিকো বাংলাদেশ লিমিটেডের ডিস্ট্রিবিউশন ডিলারশিপ প্রতিষ্ঠান ট্রাইকোন এন্টারপ্রাইজের অফিসে চুরির ঘটনা ঘটে। মুখে মাস্ক পরা এক ব্যক্তি অফিসে প্রবেশ করে ড্রয়ার থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর প্রতিষ্ঠানটির মালিক শেখ শাকিল হোসেন ও শাহরিয়া সিদ্দিক শুভ্র মাগুরা পুলিশ সুপারের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে গিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, ঘটনার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেপ্তার এবং চুরি হওয়া টাকা উদ্ধারের জন্য সিসিআইসি, মাগুরাকে নির্দেশ দেন।
নির্দেশনার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএমের তত্ত্বাবধানে সিসিআইসি মাগুরার এসআই (নিঃ) অজয় দাসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলসহ জেলার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে। পাশাপাশি গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় ২৭ আগস্ট রাত ৩টার দিকে সিসিআইসি ও মাগুরা সদর থানা পুলিশের যৌথ দল শ্রীপুর উপজেলার চর গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. বাপ্পী হাসান (২৬) এবং মো. আসিফ শেখ (২০)। তারা দুজনই শ্রীপুর উপজেলার চর গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশের দাবি, গ্রেপ্তার বাপ্পী হাসান চুরির ঘটনার মূল পরিকল্পনাকারী। তাদের কাছ থেকে চুরি হওয়া ১ লাখ ১০ হাজার ৫৩০ টাকা, দুটি মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত একটি হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের কাছ থেকে চুরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য জেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।