১৯৬৬ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ছিলেন খ্যাতনামা সংগীতব্যক্তিত্ব মাহমুদুন নবী। পরিবারেই সংগীতের ঐতিহ্য—বড় বোন ফাহমিদা নবী ও ছোট ভাই পঞ্চমও সঙ্গীতের সঙ্গে জড়িত।
সামিনার বেড়ে ওঠা ঢাকায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। শৈশব থেকেই সুর-সঙ্গীতের প্রতি তার গভীর অনুরাগ ছিল।
চলচ্চিত্র ও আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসংগীতেও তিনি মুগ্ধতা ছড়িয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে তার কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু হয় ‘জন্ম থেকে জ্বলছি মাগো’ চলচ্চিত্রের গানের মাধ্যমে। এরপর থেকে একে একে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের।
তাঁর কণ্ঠে জনপ্রিয় কিছু চলচ্চিত্র ও আধুনিক গান:
আমার বুকের মধ্যেখানে
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
আমার মাঝে নেই এখন আমি
হও যদি ঐ নীল আকাশ
কেবল গানেই নয়, তিনি বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা ও রিয়েলিটি শো-তে বিচারক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০০৫ সালে এনটিভিতে প্রচারিত ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় বিচারক ছিলেন। এছাড়া ক্ষুদে গানরাজ (চ্যানেল আই), ভালবাসি বাংলাদেশ (মাছরাঙ্গা টিভি) সহ একাধিক অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছেন।
সম্মাননা ও পুরস্কারঃ
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০০৬) – সেরা প্লেব্যাক কণ্ঠশিল্পী
বাচসাস পুরস্কার (১৯৮৪) – শ্রেষ্ঠ মহিলা কণ্ঠশিল্পী
মেরিল-প্রথম আলো পুরস্কার (২০০৫) – শ্রেষ্ঠ গায়িকা
বাংলা গানের জগতে তার অবদান অসামান্য। আজ তার জন্মদিনে রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। সুস্থ, সুন্দর ও দীর্ঘ জীবন কামনা করি এই প্রিয় শিল্পীর জন্য।
