দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় বেশি সার সরবরাহ রয়েছে। তবে কৃষকের কাছে সার পৌঁছানোর ক্ষেত্রে বিতরণ ব্যবস্থায় সমস্যা রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মো. ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড় জেলায় কৃষকদের চাহিদার তুলনায় বেশি সার সরবরাহ করা হয়েছে। তারপরও কোনো কোনো এলাকায় কৃষকদের সার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের ১০, ১৫ কিংবা ২০ কেজি সার কিনতেও ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দুই-তিন দিন পর্যন্ত লাইনে দাঁড়ানোর অভিযোগ রয়েছে।
তিনি বলেন, সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় অনিয়মের সুযোগ নিয়ে কেউ কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, সরকারি নির্ধারিত দামের সার কোনোভাবেই অতিরিক্ত দামে বিক্রি করা যাবে না। রাতের আঁধারে কিংবা গোপন স্থানে নিয়ে গিয়ে বেশি দামে সার বিক্রি করা হলে প্রশাসনকে কার্যকর নজরদারি করতে হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
কৃষকদের কাছে সহজে ও সময়মতো সার পৌঁছে দিতে নতুন সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি ইউনিয়নে স্থানীয় বাসিন্দাদের সার ডিলার হওয়ার সুযোগ রেখে নতুন পরিপত্র জারি করা হবে। ডিলার হতে ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটসহ নির্ধারিত যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে ২৫ টন সার সংরক্ষণের উপযোগী নিজস্ব বা ভাড়া করা গুদাম থাকতে হবে।
নতুন ব্যবস্থায় একজন ডিলার সর্বোচ্চ দুজন সাব-এজেন্ট রাখতে পারবেন বলেও জানান তিনি।
সভায় জেলার সার সরবরাহ স্বাভাবিক রাখা, সুষ্ঠু বিতরণ, নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়া, অবৈধ মজুদ ও অনিয়ম প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরিফ হোসেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু এবং জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ প্রশাসনের কর্মকর্তা ও সার ডিলাররা উপস্থিত ছিলেন।
মো.মাহাবুব আলম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
