ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোছাঃ মাহমুদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ মনিরুল ইসলাম (২৫) নামে আরও এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর শৌলা গ্রামের মালেক মিয়ার মুদির দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মাহমুদা বেগম দামোদরপুর শৌলা গ্রামের মোঃ মহসিন আলীর স্ত্রী। পলাতক মনিরুল ইসলাম একই এলাকার সেকেন্দার আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রানীগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে খবর পাওয়া যায়, দামোদরপুর শৌলা এলাকায় এক নারী মাদক ব্যবসায়ী টাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছেন। পরে ঘোড়াঘাট থানার এসআই মোঃ আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাহমুদা বেগমকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় মাহমুদা বেগমের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার দুই কোচ থেকে রাবার দিয়ে বাঁধা অবস্থায় ৫ পাতা ও ৬ পাতা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ছিল।
পুলিশের দাবি, উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ২২ হাজার টাকা।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মো: রাফছানজানী শুভ
প্রতিনিধি-
ঘোড়াঘাট,দিনাজপুর।