বাঘাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি।
রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চলের পানি ধীরে ধীরে কমতে শুরু করায় আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া মানুষজন ঘরে ফিরতে শুরু করেছেন।
কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাচালং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বসতবাড়ি, সড়ক ও বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায় এবং অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ে।
পানি কমতে শুরু করায় অনেকেই নিজেদের ঘরবাড়ির অবস্থা দেখতে এবং স্বাভাবিক জীবনে ফিরতে বাড়ির পথে রওনা হয়েছেন। তবে অনেক এলাকায় এখনো পানি ও কাদামাটি থাকায় দুর্ভোগ পুরোপুরি কাটেনি।
স্থানীয়রা বলছেন, ঘরে ফিরলেও ক্ষতিগ্রস্ত বসতবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমি দ্রুত সংস্কার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।
বন্যার পানি পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দুর্গত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, বন্যায় প্লাবিত বসত ঘর ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন।