শাহ আমানত মিঠু, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামে বিষধর সাপের কামড়ে নুরনবী নামে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত নুরনবী খলিশাখালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সোমবার (৩১ আগস্ট ২০২৬) এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নুরনবীকে বিষধর সাপে কামড় দেওয়ার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ রাখার পর শিশুটির অবস্থার অবনতি হলে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
তবে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই নুরনবীর মৃত্যু হয়। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
মাত্র পাঁচ বছর বয়সী শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নুরনবীর মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।
এদিকে, সাপে কাটার ঘটনায় দ্রুত চিকিৎসার গুরুত্বের বিষয়টি আবারও সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, সাপে কাটার পর সময়ক্ষেপণ না করে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা করা জরুরি। ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর করে চিকিৎসায় দেরি হলে আক্রান্ত ব্যক্তির জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে।
