মেরাজ বিন আশকর:
তাহিরপুর, সুনামগঞ্জ
বিদ্রোহ, সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার অমর কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুনামগঞ্জের তাহিরপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) তাহিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বিএনপির সদস্য এ কে এম নাসের উজ্জ্বল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক অনন্য প্রতিভা। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্মে ফুটে উঠেছে মানুষের মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ও মানবতার বার্তা। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নজরুলের আদর্শ আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও সংগ্রামী চেতনা তুলে ধরা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তাঁর সৃষ্টিকর্ম নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে, মানবতার পক্ষে দাঁড়াতে এবং অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে।
‘নজরুল বর্ষ ২০২৬’-এর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কবির সাহিত্য, সংগীত ও জীবনাদর্শ মানুষের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। একই সঙ্গে তরুণ প্রজন্মকে নজরুলের সৃষ্টিশীলতা ও মানবিক দর্শনের সঙ্গে পরিচিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের মধ্য দিয়ে তাহিরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর কালজয়ী আদর্শকে ধারণ করে একটি মানবিক, সাম্যভিত্তিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।