মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় তোষকের নিচে অস্ত্রের ভাণ্ডার, গ্রেফতার ২

গাইবান্ধায় তোষকের নিচে অস্ত্রের ভাণ্ডার, গ্রেফতার ২

গাইবান্ধায় তোষকের নিচে অস্ত্রের ভাণ্ডার, গ্রেফতার ২

গাইবান্ধা সদর উপজেলায় পৃথক অভিযানে দেশীয় বিভিন্ন অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার টিপ চাকু, শাবল, লোহার চেইন, চাইনিজ কুড়াল সদৃশ রাউডি, স্টিলের পাইপ, ধারালো ছোরা ও হাতুড়িসহ সাতটি অস্ত্র জব্দ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ কোমরপুর গ্রামের মো. একাব্বর মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (৩০) এবং ব্রিজরোড কালীবাড়ি এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে হৃদয় সরকার পনির ওরফে পূর্ণ (৪০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর ও ব্রিজরোড কালীবাড়ি এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

প্রথমে বল্লমঝাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোমরপুর গ্রামের রাসেল মিয়ার টিনশেড বসতবাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তার শয়নকক্ষের তোষকের নিচ থেকে একটি সুইচ গিয়ার টিপ চাকু, একটি লোহার শাবল, একটি লোহার চেইন, চাইনিজ কুড়াল সদৃশ কাঠের বাটযুক্ত একটি রাউডি ও একটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রাসেল মিয়া এসব অস্ত্র বিভিন্ন অপরাধ সংঘটন ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রিজরোড কালীবাড়ি এলাকায় হৃদয় সরকার পনির ওরফে পূর্ণের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে হৃদয় সরকার পনিরকে গ্রেফতার করা হয়। পরে তার বসতবাড়ির পূর্ব দুয়ারী শয়নকক্ষের তোষকের নিচ থেকে একটি লোহার ধারালো ছোরা ও লোহার বাটযুক্ত একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতার দুই ব্যক্তি অবৈধ দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’

গাইবান্ধা প্রতিনিধি