বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিতে ইউনিয়নের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত র্যালিটি বেনাপোলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়নের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির শার্শা উপজেলা শাখার শ্রমবিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক মো. শহিদ আলী এবং ইউনিয়নের সহসভাপতি তবিবুর রহমান তবি।
র্যালি শেষে ইউনিয়ন কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার,গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
বক্তারা জুলাই-আগস্টের কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলন প্রসঙ্গে বলেন, সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্নভাবে ছাত্র-জনতাকে উৎসাহ ও সাহস জুগিয়েছেন। তাঁর বক্তব্য স্বৈরাচারের বিরুদ্ধে জনমত গঠনে ভূমিকা রেখেছে বলেও তারা দাবি করেন।
তারা বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নেতাকর্মীদের নতুন করে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করার দিন। পাশাপাশি শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলেও জানান বক্তারা।
অনুষ্ঠানে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
আশরাফুল ইসলাম
বেনাপোল যশোর