মোঃ আরিফ হোসেন।
নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।
এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বহুদলীয় গণতন্ত্র এবং দেশের রাজনীতিতে তাঁর অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে ভোটাধিকার, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকার কথাও উল্লেখ করেন তারা।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি জনগণের আস্থা অর্জনে সবাইকে কাজ করতে হবে।
পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে পুরো আয়োজনজুড়ে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ