অজয় সেন ত্রিপুরা, খাগড়াছড়ি
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন বয়সী ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শহরে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা।
জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি ধনা চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্ষেত্রমোহন রোয়াজা, এম এন আবসার, কুহেলি দেওয়ান ও তাছলিমা সিরাজ সিমা।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবতা, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
পরে মঙ্গল শোভাযাত্রাটি খাগড়াছড়ি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা পুনরায় কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণে ফিরে আসেন।