রাজনৈতিক দলগুলো কেবল নির্বাচনকে পুলসিরাত মনে করলে ভুল করবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফারুকী তার পোস্টে লেখেন, ‘জুলাইতে ওরা (আওয়ামী লীগ) শত শত স্বাধীনতাকামী মানুষকে খুন করেছে। তারপর ভারতে পালিয়ে গিয়েও খুনের হুমকি দিচ্ছে, খুন করছে। ওদের “খুনের জুলাই” চলমান।’
তিনি বলেন, ‘আমরা কী করছি? নির্বাচন যত ঘনিয়ে আসছে, একদল আরেকদলকে আক্রমণ করছি, রেটোরিকের লড়াই চালাচ্ছি। মনে রাখবেন, আমাদের অনৈক্যই খুনিদের শক্তি।’
আবার ঘন হয়ে আসার, গোল হয়ে আসার এখনই সময় উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদীরা বিচারের মুখোমুখি হওয়া-তো দূরের কথা, কোনো অনুশোচনা বোধও করেনি, বরং খুনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। এখনই সময় সিদ্ধান্ত নেয়ার, ফ্যাসিবাদীদের আর এক চুলও ছাড় নয়।’
তিনি তার পোস্টে আরও লেখেন, ‘রাজনৈতিক দলগুলোকে বিনয়ের সঙ্গে একটু খেয়াল করিয়ে দিতে চাই- আপনারা যদি কেবল ইলেকশনকেই পুলসিরাত মনে করেন মহা ভুল করবেন। বাংলাদেশের পুলসিরাত আগামী দশ বছরের লম্বা পথ, বি ওয়াইজ, অ্যাক্ট রেসপন্সিবলি অ্যান্ড প্রটেক্ট দ্য ভেরি স্পিরিট অব জুলাই। লং লিভ বাংলাদেশ।’
এ পোস্টে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির প্রতিও বার্তা দেন তিনি। এ উপদেষ্টা লেখেন, ‘জুলাই আমাদের বদলে দিয়েছে চিরতরে। বাংলাদেশ আর কারো দাসত্ব করবে না। হাদি একজন না, হাদিরা হাজারে হাজার, কাতারে কাতার।’
