মোঃ আমির হোসেন সৈয়দপুর(নীলফামারী)
রোবোটিক্স ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর। ফিবোনাকি ইন্টারন্যাশনাল রোবট এন্ড এসটিইএম অলিম্পিয়াড (Fibonacci International Robot & STEM Olympiad—FIRSO) ২০২৬-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে বিএইউএসটি রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ক্লাবের একটি দল চ্যাম্পিয়ন এবং অপর একটি দল ২য় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। একই সঙ্গে সফল দুই দলই আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার United International University (UIU)-তে অনুষ্ঠিত হয় FIRSO ২০২৬-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড। রোবোটিক্স, বিজ্ঞান, গণিত, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন ও উদ্যোক্তা দক্ষতায় দেশের তরুণদের মেধা ও সক্ষমতা তুলে ধরার লক্ষ্যে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডটি ছিল আন্তর্জাতিক পর্যায়ের একটি বৃহৎ রোবোটিক্স ও STEM প্রতিযোগিতার জাতীয় বাছাইপর্ব।
এবারের জাতীয় পর্বে বিএইউএসটি, সৈয়দপুর-এর রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ক্লাবের চারটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার Sumo Robot বিভাগে বিএইউএসটির একটি দল অসাধারণ দক্ষতা প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। একই বিভাগে বিএইউএসটির অপর একটি দল ২য় রানার্স-আপ হয়। ফলে জাতীয় পর্যায়ে একই বিশ্ববিদ্যালয়ের দুটি দলের এমন সাফল্য বিএইউএসটির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে Startup & Entrepreneurship, Line Follower Robots, Sumo Robots, Maze Solving Robot, Drone Rally Racing, Footbot/RoboSoccer, Mathematics Olympiad এবং Science Olympiadসহ বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা রোবট নির্মাণ, স্বয়ংক্রিয় প্রযুক্তি, সমস্যা সমাধান, বিজ্ঞান ও গণিতভিত্তিক জ্ঞান এবং উদ্ভাবনী চিন্তার দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়।
জাতীয় পর্যায়ের সাফল্যের মাধ্যমে বিএইউএসটি, সৈয়দপুর-এর চ্যাম্পিয়ন ও ২য় রানার্স-আপ দল দুটি এখন Fibonacci World Championship 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপটি ইতালির রোমে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রোমে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক পর্বে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। ফিবোনাকি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, তাদের আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় ৩০টিরও বেশি দেশের অংশগ্রহণ রয়েছে। ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা ও অন্যান্য অঞ্চলের তরুণ রোবোটিক্সপ্রেমী ও উদ্ভাবকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে বিএইউএসটির সফল দুই দল।
আন্তর্জাতিক পর্বটি শুধু একটি রোবোটিক্স প্রতিযোগিতা নয়; এটি প্রযুক্তি প্রদর্শনী, শিক্ষামূলক কার্যক্রম এবং বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবকদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবেও পরিচালিত হয়। ২০১৮ সাল থেকে রোমে আয়োজিত হয়ে আসা ফিবোনাকি ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, প্রকৌশলী ও STEM-সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হচ্ছে।
জাতীয় রাউন্ডে প্রতিযোগিতার পাশাপাশি রোবোটিক্স প্রদর্শনী, প্রজেক্ট ও রোভার প্রদর্শনী, প্যানেল আলোচনা, নেটওয়ার্কিং সেশন এবং পুরস্কার বিতরণীসহ বিভিন্ন আয়োজন ছিল। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের সুযোগ তৈরি হয়।
বিএইউএসটি, সৈয়দপুর-এর রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ক্লাবের এ সাফল্য বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা কার্যক্রমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও ২য় রানার্স-আপ হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করায় বিএইউএসটি পরিবারে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা আশা করছেন, ইতালির রোমে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বিএইউএসটি, সৈয়দপুর-এর শিক্ষার্থীরা নিজেদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার আরও উজ্জ্বল স্বাক্ষর রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম তুলে ধরবে।