নড়াইলে উৎসবমুখর পরিবেশে নার্সিং আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল নার্সিং কলেজের আয়োজনে রবিবার সকাল ১১টায় নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে টুর্নামেন্টের এই সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে NNC Strikers দল।
নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ সুতাপা শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দল NNC Strikers-এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী এম এম কামরুজ্জামান কামরুল (ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স হাসিব এন্টারপ্রাইজ এবং পরিচালক, ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল)। এ সময় নড়াইল নার্সিং কলেজের শিক্ষকবৃন্দ বিজয়ী দলের হাতে ট্রফি হস্তান্তরে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এম এম কামরুজ্জামান কামরুল বলেন, "নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। আপনারা নার্সিং নিয়ে পড়াশোনা করেন, আপনাদের মন এবং ব্রেন সব সময় সুস্থ থাকা প্রয়োজন। তাই পড়াশুনার পাশাপাশি সব সময় খেলাধুলা করার চেষ্টা করবেন। আপনারা যে সুন্দর আয়োজন করেছেন, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে এমন যেকোনো ভালো উদ্যোগে আমাকে সব সময় পাশে পাবেন।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর পলি রানী কুন্ডু, রিংকু রাণী দাস, মিতা বিশ্বাস এবং ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের (VSH) ম্যানেজার শিকদার আজিজুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আশিকুর রহমান সৌরভ
নড়াইল
