“ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় শুরু হয়েছে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাগুরা জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, মাগুরা সদর, মাগুরা এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মাগুরার জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সহীলুদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সভাপতি মেহেরুন্নাহার।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় মাগুরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এর মধ্যে ৬৩টি স্কুল, ২৩টি মাদ্রাসা এবং ২ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। আয়োজকরা মনে করছেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আগামী ৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।
মো: সাজ্জাদ হোসেন
মাগুরা জেলা প্রতিনিধি
