সোহেল রানা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার বাজারে অবৈধ সার মজুদ ও বিক্রির খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জানা যায়, গত শনিবার
(৫ সেপ্টেম্বর) রাতে আমলসার বাজারে অভিযান চালিয়ে অবৈধ সার উদ্ধার করার পর, তারই ধারাবাহিকতায় রোববার বিকেলে পুনরায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে স্থানীয় সার ব্যবসায়ী মো. শহীদ জর্দারের দোকানে তল্লাশি চালানো হলেও সেখান থেকে কোনো অবৈধ সার পাওয়া যায়নি। পরবর্তীতে এ বিষয়ে উপস্থিত স্থানীয় জনতার কাছে তথ্য জানতে চাওয়া হলে কেউ কোনো তথ্য প্রদান করেন নাই।
অভিযান শেষে উপজেলা কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম জানান, অবৈধ সারের কারবার রুখতে উপজেলা প্রশাসন শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। কেউ যদি সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ দিতে পারেন, তবে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযানকালে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, আমলসার বাজার কমিটির সভাপতি মো. ময়েন উদ্দিন এবং সাধারণ সম্পাদক অ্যাড. মো. ইমরান শেখ প্রমুখ।