মো. কামরুল ইসলাম , রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় পুলিশের আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (APC) চলাচলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাঙামাটির বিভিন্ন স্থানে পুলিশের APC চলাচলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ছবি ও ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর বিষয়টি পুলিশের নজরে এসেছে।রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য এসব APC রাঙামাটি পার্বত্য জেলায় আনা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবেই জেলার বিভিন্ন স্থানে এসব সাঁজোয়া যান চলাচল করছে।পুলিশের দেওয়া তথ্যমতে, আগামী ১৫ দিন রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় APC-এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণ শেষে প্রায় দুই সপ্তাহ পর APCগুলো ঢাকায় ফিরে যাবে।জেলা পুলিশ আরও স্পষ্ট করে জানিয়েছে, এসব APC রাঙামাটি পার্বত্য জেলায় স্থায়ীভাবে মোতায়েন করা হয়নি। কোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলা বা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যেও এগুলো আনা হয়নি। সম্পূর্ণ প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবেই APCগুলো সাময়িক সময়ের জন্য রাঙামাটিতে অবস্থান করছে।এদিকে, APC চলাচলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের গুজব, বিভ্রান্তি বা ভুল তথ্যের সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।সঠিক তথ্য যাচাই না করে কোনো ধরনের বিভ্রান্তিকর, অসম্পূর্ণ বা গুজবনির্ভর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ। একই সঙ্গে কোনো তথ্য নিয়ে সন্দেহ বা বিভ্রান্তি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।