ভারতের টেলিভিশন অঙ্গনের সবচেয়ে সফল বিনোদন তারকাদের মধ্যে অন্যতম কপিল শর্মা। তার সম্পদের পরিমাণ জানলে অনেকেই বিস্মিত হন। বিভিন্ন প্রতিবেদনে পাওয়া তথ্য অনুযায়ী, কপিল শর্মার মোট সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৩০০ কোটি রুপি। এর মধ্য দিয়ে তিনি ভারতীয় টেলিভিশনের সবচেয়ে ধনী কৌতুকশিল্পী হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন।
হিট টেলিভিশন অনুষ্ঠান, বিপুল দর্শকপ্রিয়তা এবং সাম্প্রতিক সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে সফল শোগুলোর মাধ্যমে তার আয়ের পরিধি আরও বিস্তৃত হয়েছে। জানা গেছে, একটি জনপ্রিয় ডিজিটাল কমেডি শো থেকে তিনি প্রতি পর্বে প্রায় ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন। একটি মৌসুমে ১৩টি পর্ব থাকায় শুধু একটি মৌসুম থেকেই তার আয় প্রায় ২০০ কোটি রুপির কাছাকাছি। টানা কয়েকটি মৌসুমে একই পারিশ্রমিক ধরে রাখায় তিনি বর্তমানে দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত কৌতুকশিল্পীদের একজন।
পাঞ্জাবে জন্ম নেওয়া কপিল শর্মার প্রকৃত নাম কপিল পুঞ্জ। ১৯৯৭ সালে ক্যানসারে বাবার মৃত্যু তার জীবনে বড় ধাক্কা নিয়ে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে খুব অল্প বয়সেই তাকে কাজ শুরু করতে হয়। একসময় তিনি মাত্র ৫০০ রুপি মাসিক বেতনে টেলিফোন বুথে কাজ করেছেন। আবার কাপড়ের কারখানায় কাজ করে পেয়েছেন ৯০০ রুপি।
এক সাক্ষাৎকারে কপিল স্মৃতিচারণ করে জানান, দশম শ্রেণি পাস করার পর পকেটমানির প্রয়োজনেই তিনি প্রথম চাকরি শুরু করেছিলেন। তিনি আরও বলেন, জীবনে যখনই ভালো কিছু ঘটে, তখন বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে—এই অনুভূতিও তিনি আবেগভরে প্রকাশ করেন।
