রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধান এবং রোগীদের জন্য আরও উন্নত ও স্বাস্থ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপাতালের বিদ্যমান বিভিন্ন সমস্যা, অবকাঠামো ও জনবলসংকট, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং সাধারণ মানুষকে আরও উন্নত চিকিৎসাসেবা দেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের প্রতি আন্তরিক ও মানবিক আচরণ এবং সেবার ক্ষেত্রে দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পার্বত্য জেলার মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে। রোগীরা যেন হাসপাতালে এসে কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন, সেদিকে সবাইকে বিশেষভাবে নজর দিতে হবে।তিনি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও জনবলসংকট নিরসনে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে রোগীদের হাসিমুখে ও আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালকে একটি আধুনিক ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান।সভাপতির বক্তব্যে সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা বলেন, পার্বত্য এলাকার সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রচেষ্টা অব্যাহত থাকবে।তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের নেতৃত্ব ও পরামর্শে হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।মতবিনিময় সভায় হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মোঃ কামরুল ইসলাম
রাঙ্গামাটি প্রতিনিধি
