প্রতারণার মাধ্যমে প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার মাত্র ১২ হাজার টাকায় হাতিয়ে নেওয়ার অভিযোগে খাগড়াছড়ির ‘প্রিয়া জুয়েলার্স’-এর মালিক সঞ্জীব বনিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি শহরে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এক নারী ভুক্তভোগী তার স্বর্ণালঙ্কার নিয়ে ওই জুয়েলার্সে গেলে দোকানের মালিক সঞ্জীব বনিক বিভিন্ন প্রলোভন ও কৌশলের আশ্রয় নিয়ে তাকে বিভ্রান্ত করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার মাত্র ১২ হাজার টাকায় কিনে নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
পরে বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী ও স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। এ সময় স্থানীয়রা জুয়েলার্স মালিককে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিষয়টি সামনে আসে। একপর্যায়ে স্থানীয় জনতা সঞ্জীব বনিককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, ‘প্রিয়া জুয়েলার্স’-এর মালিক সঞ্জীব বনিকের বিরুদ্ধে এর আগেও একই ধরনের কৌশলে স্বর্ণালঙ্কার কম মূল্যে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় স্বর্ণ বিক্রি করতে আসা ব্যক্তিদের নানা কৌশলে প্রভাবিত করে বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে স্বর্ণালঙ্কার নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে ওঠে।
স্থানীয় সূত্রের দাবি, অতীতেও তার বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে একাধিকবার আলোচনা ও অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কারণে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের প্রতারণার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে একই ধরনের ঘটনা আরও ঘটতে পারে।
তাদের দাবি, শুধু বর্তমান ঘটনাটিই নয়, সঞ্জীব বনিকের বিরুদ্ধে অতীতে ওঠা অভিযোগগুলোও তদন্ত করে দেখা হোক। একই সঙ্গে ভুক্তভোগী নারী যেন তার স্বর্ণালঙ্কারের ন্যায্য মূল্য ফিরে পান, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
পুলিশ জানিয়েছে, আটক জুয়েলার্স মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে অতীতে কোনো অভিযোগ বা মামলা রয়েছে কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত রহস্য এবং স্বর্ণালঙ্কারের প্রকৃত মূল্য ও লেনদেনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অজয় সেন ত্রিপুরা
খাগড়াছড়ি
